বাসস
  ২৫ জুন ২০২৬, ১৫:২৮

মাদারীপুরে  ১ লাখ ৭৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ছবি: বাসস

মাদারীপুর, ২৫জুন,২০২৬(বাসস):জেলায়  আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৫ হাজার ৩৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভা (মাদারীপুর ও শিবচর) মিলিয়ে ১ হাজার ৪৮৮টি কেন্দ্রে প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৫৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮১৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ করে না, বরং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এবং শিশু মৃত্যুহার কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কানিজ ফারহানার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মন, আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।