বাসস
  ২৫ জুন ২০২৬, ১৪:৩২

রাঙামাটিতে ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ছবি : বাসস

রাঙামাটি, ২৫ জুন ২০২৬ (বাসস) : জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলায় ৮৬ হাজার ৬০৭ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

তিনি বলেন, আগামী ২৮ জুন (রোববার) দিনব্যাপী জেলায় ৮৫ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন 'এ ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে, ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।  এছাড়াও অতিরিক্ত ১হাজার ভিটামিন ক্যাপসুল মজুদ রাখা হয়েছে।

জেলার ১ হাজার ২৯৭ টি কেন্দ্রে ২ হাজার ১৪ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য বিভাগের ২৮৫ জন কর্মী  শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচিতে অংশ নেবেন। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন চৌধুরী, জেলা পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা, সোহাগময় চাকমা, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ অফিসার খোকন চাকমা, জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে  মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার(এমওডিসি) ডা. প্রতিক সেন।