বাসস
  ২৫ জুন ২০২৬, ১৩:৫০

নেত্রকোণায় ৪ লাখ টাকা মূল্যের ‘চায়না দুয়ারী’ জাল জব্দ 

নেত্রকোণায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মরণফাঁদ ‘চায়না দুয়ারী’ ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

নেত্রকোণা, ২৫ জুন ২০২৬ (বাসস): দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মরণফাঁদ ‘চায়না দুয়ারী’ ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

গতকাল বুধবার (২৪ জুন) দিনব্যাপী জেলার জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বারহাট্টা, কলমাকান্দা ও মদন উপজেলায় এই মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নিষিদ্ধ জাল ধ্বংসের পাশাপাশি প্রকাশ্যে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ জালের বিরুদ্ধে গতকাল জেলার কলমাকান্দা ও মদন উপজেলায় দুটি বড় ধরনের অভিযান চালানো হয়। এর মধ্যে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের আজগড়া বিল, চানপুর ও কলমাকান্দা সদরে অভিযান চালিয়ে নদী ও জলাশয় থেকে ৩৮টি অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

একই দিন দুপুর ১টার দিকে মদন উপজেলার গোবিন্দশ্রী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অপর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে নদী ও হাওরাঞ্চল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। মৎস্য সম্পদ রক্ষার্থে তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত এই জালগুলোও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে, জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, দেশীয় মৎস্য সম্পদ ও পোনামাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।  

মাদকমুক্ত সমাজ গঠনসহ জুয়া এবং অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধেও জেলাজুড়ে নিয়মিত মোবাইল 

কোর্ট পরিচালিত হবে বলে তিনি জানান।