বাসস
  ২৫ জুন ২০২৬, ১১:২৯

রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুর, ২৫ জুন, ২০২৬ (বাসস): রংপুরের মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি সূত্র জানায়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার ১৩ নম্বর শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে শরিফুলের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি প্লাস্টিকের জিপারযুক্ত প্যাকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল (মিঠাপুকুর)-এর উপ পরিদর্শক মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় উপ পরিদর্শক মো. মতিয়ার রহমান বাদী হয়ে শরিফুলের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। 

ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।