শিরোনাম

চাঁদপুর, ২৪ জুন, ২০২৬, (বাসস): সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর সদর-এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৫০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এর মধ্যে ৭৫০ জন কৃষককে রোপা আমন ধান বীজ ও সার, ১২০ জন কৃষককে মরিচ বীজ ও সার এবং ৬৩৫ জন কৃষককে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা।
তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন সময়ে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির ফলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হচ্ছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ উপকারভোগী কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।