বাসস
  ২৪ জুন ২০২৬, ২০:০৪

শরীয়তপুরে ওয়ালটনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ছবি : বাসস

শরীয়তপুর, ২৪ জুন, ২০২৬, (বাসস): জেলার নড়িয়া উপজেলার শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন-এর উদ্যোগে আজ বুধবার সকালে শুরু হওয়া এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ক্যাম্পে আগত রোগীরা অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ গ্রহণের সুযোগ পান।

পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য ব্ল্যাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত উপকারী ভূমিকা রাখছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা-নড়িয়া শাখার ম্যানেজার মুহাম্মাদ স্বপন হোসেন, চিকিৎসা ডা. তন্ময় পোদ্দার, ডেপুটি ম্যানেজার ইরফান আহমেদ, হেলথকেয়ার হ্যাপিনেস অফিসারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধপ্রাপ্তির সুযোগ পেয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। তারা ওয়ালটন প্লাজার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়ালটন প্লাজার এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবাকে আর ও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।