বাসস
  ২৪ জুন ২০২৬, ১৯:৫৯

নাটোরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য সংরক্ষণের দায়ে জরিমানা

নাটোর, ২৪ জুন, ২০২৬, (বাসস) : জেলার বাগাতিপাড়ায় মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং অননুমোদিত ফলের জুস সংরক্ষণকারী দুই ব্যবসায়ীকে সাত হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকায় অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির উদ্দেশে সংরক্ষণ করায় মা কসমেটিকস এন্ড গিফট কর্ণারের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় অননুমোদিত ফলের জুস বিক্রির উদ্দেশে সংরক্ষণ করায় মেসার্স মৌসুমী স্টোরের মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানালব্ধ অর্থ পরিশোধ করে ওই দুই ব্যবসায়ী দায় থেকে অব্যাহতি লাভ করেন।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা প্রদান করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে জেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে।