বাসস
  ২৪ জুন ২০২৬, ২০:০০

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

ছবি : বাসস

কুড়িগ্রাম, ২৪ জুন, ২০২৬, (বাসস) : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার। এ বছর জেলায় ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নের লক্ষে আজ বুধবার বিকেলে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন জেলার মোট ২ হাজার ৭০টি কেন্দ্রে একযোগে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত অন্ধত্বসহ বিভিন্ন সমস্যা প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলার একটি শিশুও যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষেই আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ব্যাপক প্রচার ও সাফল্য নিশ্চিত করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন। একই সাথে আগামী ২৮ জুন নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য জেলার সকল অভিভাবকের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।