বাসস
  ২৪ জুন ২০২৬, ১৯:৫৯

পঞ্চগড়ে এক লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

ছবি: বাসস

পঞ্চগড়, ২৪ জুন, ২০২৬, (বাসস): পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এক লাখ ৭১ হাজার ৭৯৩ জন শিশুকে একটি করে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ১৯ হাজার ৭৯৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৫১ হাজার ৬১৭ জন।

আজ বুধবার বিকেলে পঞ্চগড় সিভিল সার্জনের সম্মেলনে কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

এসময় তিনি বলেন, জেলার সদর উপজেলায় মোট ৩৯ হাজার ১৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু পাঁচ হাজার ৬৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৬৭ জন।
 
বোদা উপজেলায় মোট ৪৬ হাজার ৬০০ জন শিশু। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু চার হাজার ৬০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪২ হাজার জন। 

তেঁতুলিয়া উপজেলায় মোট ২২ হাজার ৫০০ জন শিশু। এর মধ্যে, ৬-১১ মাস বয়সী শিশু তিন হাজার জন এবং ১২-৫৯ মাস বয়সী ১৯ হাজার ৫০০ জন। 

আটোয়ারী উপজেলায় মোট ১৮ হাজার ৯০০ জন শিশু। এর মধ্যে, ৬-১১ মাস বয়সী শিশু এক হাজার  ৯০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১৭ হাজার জন। 

দেবীগঞ্জ উপজেলায় মোট ৩৭ হাজার ৫০০ জন শিশু। এর মধ্যে, ৬-১১ মাস বয়সী শিশু চার হাজার ৫০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৩ হাজার জন এবং পঞ্চগড় পৌরসভায় মোট ৬ হাজার ৭৮০ ৬-১১ মাস বয়সী শিশু ৭৩০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ছয় হাজার ৫০ জন। 

জেলার এক হাজার ৭৭টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর পাশাপাশি দুইজন করে মোট দুই হাজার ১৫৪ জন সেচ্ছাসেবক থাকবেন। 

এর মধ্যে সদর উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন, আটোয়ারী উপজেলায় ১৪৫টি কেন্দ্রে ২৯০ জন, বোদা উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন, তেঁতুলিয়া উপজেলায় ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন, দেবীগঞ্জ উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন এবং পঞ্চগড় পৌরসভায় ৪০টি কেন্দ্রে ৮০ জন।

এছাড়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কোনো অসুস্থ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে না বলে জানানো হয়। তবে কান্নারত কোনো বাচ্চাকে জোর করে ভিটামিন এ ক্যাপসুল না খাওয়ানোর আহ্বান জানানো হয়।

ভিটামিন এ ক্যাপসুল রাতকানা রোগ দূর করাসহ শিশুর শরীরে ভিটামিন-এ এর ঘাটতি পূরণ করে শরীর গঠনে ভূমিকা পালন করে।

এসময় প্রজেক্টরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের নানা বিষয় তুলে ধরেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস নিতু।

সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ জেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।