বাসস
  ১৩ জুন ২০২৬, ২৩:৫১
আপডেট : ১৩ জুন ২০২৬, ২৩:৫৭

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে : স্বাস্থ্য মন্ত্রী

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে দেন । ছবি : বাসস

নরসিংদী, ১৩ জুন, ২০২৬ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।

আজ শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেওয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে, তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি বলেন, ‘বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। আমরা দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুস দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা- সকলকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের জন্য কাজ করতে হবে। 

তিনি আরো বলেন, চীনের সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।


এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল হান্নান প্রমুখ।

এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে গাছের চারা রোপণ ও বিতরণ করেন মন্ত্রী।