বাসস
  ১৩ জুন ২০২৬, ১৯:০৪
আপডেট : ১৩ জুন ২০২৬, ১৯:৪৭

বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান বিমান ও পর্যটন মন্ত্রীর

ছবি : মন্ত্রণালয়

ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বিমানখাত নিয়ে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশীদের জন্য উন্নত, নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা তার অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিমানবন্দরগুলোতে সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় আফরোজা খানম আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী অপতথ্যের আশ্রয় নিচ্ছে। 
এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আফরোজা খানম বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-কে একটি আস্থাশীল, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ফলে দেশের বিমান পরিবহন খাতের সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ যাত্রী ও প্রবাসীরা এর সুফল ভোগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও বিএনপি’র সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।