বাসস
  ০৩ জুন ২০২৬, ১৯:৫০

আধুনিক ড্রাগ উদ্ভাবন করে অ্যাওয়ার্ড পেলেন কুবি শিক্ষক

অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। ফাইল ছবি

কুমিল্লা (উত্তর), ৩ জুন, ২০২৬ (বাসস) : আধুনিক ড্রাগ ডেলিভারি সিস্টেম উদ্ভাবন করে জাপানের মর্যাদাপূর্ণ ‘এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। 

আজ মঙ্গলবার পুরস্কার পাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

বায়োটেকনোলজি গবেষণায় এই অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের সোসাইটি ফর বায়োটেকনোলজি কর্তৃক সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসকে এ পুরস্কার দেয়া হয়।

এ বিষয়ে ড. জান্নাতুল ফেরদৌস বাসসকে বলেন, আমার গবেষণার মূল বিষয় ছিল ন্যানোটেকনোলজির মাধ্যমে উন্নত ড্রাগ ডেলিভারি সিস্টেম উদ্ভাবন।

ওষুধ তৈরির ক্ষেত্রে আমরা প্রায়ই দ্রাব্যতা ও স্থায়ীত্ব সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হই। এ ছাড়া গ্রোথ ফ্যাক্টর, প্রোটিনসহ বিভিন্ন জৈব অণু নিয়ে কাজ করতে গিয়েও নানা ধরনের চ্যালেঞ্জ দেখা দেয়।

ড. জান্নাতুল ফেরদৌস আরও বলেন, আমার গবেষণার লক্ষ্য ছিল ন্যানোটেকনোলজি ব্যবহার করে এমন একটি ক্যারিয়ার সিস্টেম তৈরি করা, যা এসব জৈব অণুকে কার্যকরভাবে নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছে দিতে সক্ষম হবে। এই প্রযুক্তি বিভিন্ন ধরনের চর্মরোগের চিকিৎসা, চোখে ওষুধ সরবরাহ, এমনকি ক্যানসার থেরাপিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মূলত একটি বহুমুখী ও কার্যকর ডেলিভারি সিস্টেম হিসেবে ‘ন্যানোজেল ডিসপারশন’ প্রযুক্তির উন্নয়নই ছিল আমার গবেষণার প্রধান বিষয়। এই গবেষণার জন্য আমরা জাপানে একটি পেটেন্টও অর্জন করেছি, যা পরবর্তী সময়ে গবেষণাটিকে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে। ভবিষ্যতে এটিকে একটি আদর্শ ড্রাগ ডেলিভারি সিস্টেম হিসেবে আরও উন্নত করার সম্ভাবনা রয়েছে।