বাসস
  ০১ জুন ২০২৬, ১৯:৪১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

গোপালগঞ্জ, ১ জুন, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ যাত্রীবাহী বাসের ধাক্কায় আইয়ুব আলী খাঁ (৫৫) নামের এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস সোমবার দুপুরে গোপীনাথপুর এলাকায় একটি ব্যাটারি-চালিত রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রিকশা ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানটির চালক আইয়ুব খাঁর মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মোমেনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।