বাসস
  ০১ জুন ২০২৬, ১৯:০৮

ভোলায় জালসহ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ

ছবি : বাসস

ভোলা, ১ জুন, ২০২৬ (বাসস) : জেলার চরফ্যাশন উপজেলার সামরাজ মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩টি ট্রলিং জালসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।  

গতকাল রোববার দিবাগত রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ওই এলাকা হতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩টি ট্রলিং জালসহ ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এসময় বোটে থাকা জেলেরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি জানান, জব্দকৃত জাল ও ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।