বাসস
  ০১ জুন ২০২৬, ১৮:২৭

সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়লো ১২ কেজির ভেটকি মাছ 

ছবি : বাসস

সাতক্ষীরা, ১ জুন, ২০২৬ (বাসস) : জেলার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ ধরা পড়েছে। 

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি দেখতে স্থানীয় জনগণ আড়তে ভিড় জমায়।

জেলে রবিউল ইসলাম গাজী জানান, চলতি বছর খোলপেটুয়া নদীতে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারই তার জালে সর্বোচ্চ ওজনের এ মাছ ধরা পড়েছে। ১২ কেজি ওজনের ভেটকি মাছটি পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা খুবই আনন্দিত। এছাড়াও একই সময়ে তিনি দুই কেজি ওজনের আরও একটি মাছ পেয়েছেন।

কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানান, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ কোনো জেলে নিয়ে আসেনি। খোলপেটুয়া নদী থেকে ধরা পড়া এই ১২ কেজি ওজনের মাছটি প্রথমবারের মতো তার আড়তে আসে। মাছটি প্রতি কেজি ১১শ টাকা দরে বিক্রি করা হয়েছে। ঢাকার একজন চাকরিজীবী মাছটি ক্রয় করেন।

এদিকে, বিশাল আকৃতির মাছটির খবর ছড়িয়ে পড়লে তার আড়তে উৎসুক জনতা মাছটির সঙ্গে ছবি তোলেন। 
স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকৃতির মূল্যবান মাছ রয়েছে। যা নদীর জীববৈচিত্র্যের ইতিবাচক দিক তুলে ধরে। 

এসময় নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হলে ভবিষ্যতেও এমন বড় মাছ ধরা পড়বে এবং জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় মৎস্যজীবীরা।