শিরোনাম

মনসুর আহম্মেদ
রাঙামাটি, ১ জুন, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আযহার ছুটিতে জেলার অনন্য সৌন্দর্যমণ্ডিত উপজেলা কাপ্তাইয়ের বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটকদের উপচেপড়া ভিড় লেগেছে। ঈদের আগে থেকেই এখানে পর্যটকের আগমন বেড়েছে। ঈদ পরবর্তীও দেশের বিভিন্নস্থান থেকে বর্ষা মৌসুমকে উপভোগ করতে কাপ্তাইয়ে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন হাজারো পর্যটক।
আজ সোমবারও কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে। কর্ণফুলী-কাপ্তাই হ্রদের পানিতে বোটে বর্ষায় গা ভেজাচ্ছেন আগত পর্যটকরা।
আজ সকালে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়। কেউ কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণ করছেন। শিশুরাও শিশু পার্কে আনন্দে ঈদের খুশি উপভোগ করছে।
বিজিবি পরিচালিত কাপ্তাই ওয়াগ্গা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁয় গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা এসেছেন। কর্ণফুলী নদীর কোল ঘেষেঁ অবস্থিত এই পর্যটন কেন্দ্রের সু-বিশাল জায়গা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা, আর শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক।
রাজশাহী থেকে আসা পর্যটক আমির হাসান, চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জাটেক থেকে আগত ফাহিম ও আরাফাত ইসলাম বলেন, আমরা পর্যটন শহর রাঙামাটি থেকে ঘুরে পাহাড়ি আকা-বাঁকা রাস্তা পেরিয়ে কাপ্তাইয়ে এসে দেখলাম এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আসলে রাঙামাটিতে বেড়াতে এলে পাহাড়ের সৌন্দর্য্য দেখতে হাতে প্রচুর সময় নিয়ে আসতে হবে। অসাধারণ এই পাহাড়ি এলাকা।
তারা বলেন, আমরা প্রথমবারের মতো এখানে এসেছি। সত্যিই কাপ্তাই খুব সুন্দর জায়গা।
কাপ্তাই উপজেলার দৃষ্টিনন্দন এলাকার মধ্যে শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস অন্যতম। এই পড হাউসটি থাইল্যান্ডের আদলে গড়ে উঠা একটি অসাধারণ রিসোর্ট। এখানে প্রায় সারা বছরই পর্যটকে ভরপুর থাকে।
কাপ্তাই পড হাউস বিনোদন কেন্দ্রে বন্ধুদের নিয়ে ঈদের ছুটিতে ঘুরতে আসা নোয়াখালীর বসুর হাটের মিজানুর রহমান বাবু বলেন, আমরা বন্ধুদের নিয়ে প্রথমবারের মতো কাপ্তাইয়ে বেড়াতে এসেছি। জায়গাটি খুবই সুন্দর, আমরা কাপ্তাইয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। যদি কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে একটি ক্যাবল কার বসানো হতো তাহলে আরও বেশি ভালো লাগতো।
নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসের ম্যানেজার জাকির হোসেন বলেন, ঈদের আগে থেকেই আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটক এসেছে। বর্তমানে আমাদের পড হাউসের সব কটেজগুলোই বুকিং আছে।
কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস এর পরিচালক মো. সোহেল বাসসকে বলেন, এবার ঈদের ছুটিসহ ঈদ পরবর্তী আমাদের রেস্টুরেন্টে পর্যাপ্ত পরিমাণ পর্যটক এসেছে। এবার আমাদের রেস্টুরেন্ট ব্যবসা অনেক ভালো হচ্ছে এবং আমরা এই রেস্টুরেন্টের পক্ষ থেকে পর্যটকদের ভালো মানের খাবার এবং সেবা প্রদানের চেষ্টা করছি।
কর্ণফুলী নদীর বোট চালক মনা মিয়া বলেন, এ বছর প্রচুর পর্যটক এসেছে কাপ্তাইয়ে। অনেকে পরিবার নিয়ে নৌ ভ্রমণ করছেন। এতে আমাদের উপার্জনও ভালো হচ্ছে।
এদিকে কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর, লেকভিউ, রিভারভিউ, কাপ্তাই লেকের মাঝে অবস্থিত রাইংখ্যং আইল্যান্ড ও শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট এবং চন্দ্রলোক ক্যাম্পিং সাইট বনশ্রী পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক ঈদের ছুটি উপভোগ করতে এসেছেন পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বাসসকে জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।