বাসস
  ০১ জুন ২০২৬, ১৫:৩৯

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু 

ছবি : বাসস

সাতক্ষীরা, ১ জুন, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। 

সোমবার সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এরফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এরআগে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭দিন ঈদের ছুটিতে বন্দরের সবধরনের আমাদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিলো। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বাসস’কে জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনসহ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ মতামতের ভিত্তিতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরো জানান, ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে আবারো উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। 

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের পুলিশের অফিসার ইনচার্জ তুফান মন্ডল বাসস’কে জানান, ঈদ উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম টানা ৭ দিন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার বাসস’কে জানান, ঈদে টানা ৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম।

ভোমরা স্থলবন্দর কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান বাসস’কে জানান, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চলমান ছিল। আজ থেকে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। এরফলে বন্দর ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য। 

তিনি আরো জানান, ভোমরা স্থলবন্দরটি বাংলাদেশ ও ভারত উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।