বাসস
  ০১ জুন ২০২৬, ১৫:৩৭

কুমিল্লা সীমান্তে মাদক ও মোবাইল ফোন জব্দ

ছবি : বাসস

কুমিল্লা দক্ষিণ, ১ জুন, ২০২৬ (বাসস) : জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩১ হাজার ৫শ’টি টাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় পুরাতন মোবাইল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫শ’ টাকা।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর রাতে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বাসস’কে জানান, জব্দ মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫শ’ টাকা। জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান।