শিরোনাম

চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি) ১ জুন, ২০২৬ (বাসস) : জেলার ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পাইন্দং গ্রামের আমতল এলাকার মোহাম্মদ শাহাজাহান (৪৫) এবং তাঁর ছেলে মোহাম্মদ আরিফ (২২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় বেপরোয়া গতিতে আসা চট্টগ্রামমুখী বিআরটিসি বাসটি প্রথমে সড়কে থাকা দু’টি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দেয়। এর পরপরই বাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে পেছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বাসস’কে জানান, পাইন্দংয়ের আমতল এলাকায় দুর্ঘটনায় দ’ুজন নিহত হয়েছেন। ঘটনার পর পরই অভিযান চালিয়ে ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।