বাসস
  ৩১ মে ২০২৬, ২১:৩৫

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় তরুণী নিহত, পুলিশ কনস্টেবল আহত

লালমনিরহাট, ৩১ মে, ২০২৬ (বাসস): জেলার আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তার দুলাভাই পুলিশ কনস্টেবল আব্দুল মমিন। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে তাকে আটক করতে পারেনি পুলিশ।

আজ রোববার বিকেলে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের জামতলা মাদ্রাসা এলাকায় লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। আহত আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়িতে বেড়াতে যান আব্দুল মমিন। বিকেলে শ্যালিকা তানিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে জামতলা মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে তানিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আব্দুল মমিনও। 

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে চালক বা ট্রাকটিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বাসসকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।