বাসস
  ২৫ মে ২০২৬, ১৯:৪২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ, ২৫ মে ২০২৬ (বাসস): জেলার শাহজাদপুর উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় সারা খাতুন (৮) ও আহম্মদ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু সারা খাতুন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হলদিঘর গ্রামের সবুজ প্রামানিকের মেয়ে। অন্যদিকে নিহত শিশু আহম্মদ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের ছেলে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সাথে লবণ বোঝাই ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশার যাত্রী শিশু সারা খাতুন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন শিশুটির বাবা সবুজ প্রামানিক ও মা মিতা খাতুন, বোন সন্তান সোহা খাতুন ও ভাই আয়ান।

এদিকে, সোমবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের মশিপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হয়েছে শিশু আহম্মদ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক এবং ভটভটি জব্দ করা হয়েছে। দু’টি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।