বাসস
  ২১ মে ২০২৬, ২২:৪৩

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার : ফকির মাহবুব আনাম

আজ বৃহস্পতিবার ‘গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ের বিডা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: পিআইডি

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কেউ যেন পিছিয়ে না থাকে-এই নীতিকে সামনে রেখে অভিগম্য ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন বিবেচনায় নিয়েই এখন থেকে সব ডিজিটাল সেবার নকশা করা হবে। কারণ, এটি তাদের অধিকার। প্রযুক্তিকে মানুষের প্রয়োজন, সক্ষমতা ও বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

‘গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ের বিডা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ বৃহস্পতিবার এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা তাদের সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে যুক্ত করতে চাই। 

দেশের প্রতিবন্ধী সন্তানদের আমরা সম্পদে পরিণত করতে চাই। প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে আইসিটি বিভাগ প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ডিজিটাল অভিগম্যতায় অবদান রাখা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্ভাবনী উদ্যোগগুলোর বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। সবার জন্য বাংলাদেশ গড়তে সার্বজনীন অভিগম্যতা নিশ্চিত করা জরুরি। প্রতিবন্ধী ব্যক্তিসহ সব নাগরিক যেন সহজে ডিজিটাল সেবা নিতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে পাঁচটি উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। এগুলো হলো, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি সার্ভিস ম্যানেজমেন্ট এবং ডিজেবিলিটি ইনফরমেশন সিস্টেম, বাংলাদেশ পুলিশের অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সার্ভিস, স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি’র গ্রাম আদালত মোবাইল অ্যাপ এবং ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাইব্যাংকিং উদ্যোগ।

এছাড়াও প্রতিবন্ধীবান্ধব উদ্ভাবনকে কেন্দ্র করে স্থাপিত উদ্ভাবকদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। এ সময় আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটুআই-এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম।