বাসস
  ২১ মে ২০২৬, ১৯:৩২

ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে অগ্রগামী দলের সমন্বয় সভা

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সে সভাটি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ময়মনসিংহ, ২১ মে, ২০২৬, (বাসস) : আগামী ২৩ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবার জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। 

এ উপলক্ষ্যে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের মূল অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তার এই আগমনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রগামী নিরাপত্তা দলের সঙ্গে সমন্বয় সভা করেছেন জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান।

সভায় প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি ব্যক্তিদের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় এসএসএফের অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক বলেন, প্রধানমন্ত্রী ও ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নিরাপত্তার প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের অতিথিদের সফর নির্বিঘœ ও সফল করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে সভায় জানান জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান।
 
ইতোমধ্যে প্রশাসনের সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে, বলেও জানান তিনি।

এছাড়াও সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং অগ্রগামী নিরাপত্তা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।