বাসস
  ১৫ মে ২০২৬, ২০:২০

দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান পানি সম্পদ মন্ত্রীর 

ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৫ মে, ২০২৬(বাসস): পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন। 

তিনি বলেন, ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন হবে। কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। পাশাপাশি সরকারের লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক জোন করার পরিকল্পনা রয়েছে। দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা করতে হবে। 

আজ লক্ষ্মীপুরে নিজ বাসভবনে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান। 

মন্ত্রী নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, গত ১৭ বছর লক্ষ্মীপুরসহ দেশের মানুষ উন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছিল। সেটা থেকে আমাদের বের হতে হবে। বর্তমান সরকার দেশের মানুষের জন্য কাজ করছে। কেউ যেন উন্নয়ন থেকে বঞ্চিত ও বঞ্চনার শিকার না হয় সেদিকে সরকারের নজর রয়েছে।  

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে প্রমাণ  হয়েছে বিএনপি দেশের উন্নয়ন করতে পারে। এসময় জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি নেতা ও বিআরডিবির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান ও হারুনুর রশিদ ব্যাপারী প্রমুখ বক্তব্য দেন।