শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১০ মে, ২০২৬ (বাসস) : জেলায় হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে ভর্তি থাকা শিশুদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছে।
আজ রোববার ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ১৬ শিশু। তবে এ সময়ের মধ্যে নতুন করে আরও ১২ জন শিশু ভর্তি হয়েছে। আগে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৯ জন। বর্তমানে হাসপাতালটিতে ৪৫ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। তারা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসা নিচ্ছে। জানুয়ারি মাস থেকে অদ্যাবধি ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে মোট ১২৬৬ জন হাম রোগী।
২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাব উদ্দীন বাসস’কে বলেন, গত কয়েকদিন থেকে অবস্থার উন্নতি হচ্ছে।
তিনি বলেন, পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাটসহ বিভিন্ন এলাকায় বিশেষ এমআর (গজ) টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হামের টিকা নিশ্চিত করছেন এবং শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর জোর দিচ্ছেন। এসময় তিনি নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা এবং হামের প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আহ্বান জানান।