বাসস
  ১০ মে ২০২৬, ১৫:৪৩

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

রোববার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ছবি : বাসস

বাগেরহাট, ১০ মে, ২০২৬ (বাসস) : বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ রোববার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান চলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.অসিম সমদ্দার, আবাসিক মেডিকেল অফিসার ডা.তাপস কুমার সরকার এবং ওয়ার্ড মাস্টার নজরুল ইসলামের নেতৃত্বে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা, ড্রেন ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.অসিম সমদ্দার বাসস’কে বলেন,‘নিজের ঘর ও আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্যে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি হাম, ডায়রিয়া ও ভাইরাসজনিত বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাবও উদ্বেগজনক। তাই জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।’

আবাসিক মেডিকেল অফিসার ডা.তাপস কুমার সরকার বাসস’কে বলেন,‘বর্তমানে আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, সর্দি-কাশি, ভাইরাল ইনফেকশন এবং শিশুদের মধ্যে হাম রোগের ঝুঁকি বাড়ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।’ 

নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।