বাসস
  ০২ মে ২০২৬, ১৭:৫৬

রাঙ্গামাটিতে বিজিবি’র অভিযানে অবৈধ কাঠ জব্দ

রাঙ্গামাটি, ২ মে, ২০২৬ (বাসস) : জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাশে (বিজিবি)-এর অভিযানকালে ৭৮ দশমিক শূন্য ২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত এ কাঠের সিজার মূল্য আনুমানিক তিনলাখ ৫১ হাজার ৯০ টাকা।

আজ শনিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানকালে জেলার বাঘাইছড়ি উপজেলাধীন তুলাবান এলাকায় ৭৮ দশমিক শূন্য ২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে। জব্দকৃত এসব কাঠের সিজার মূল্য প্রায় তিনলাখ ৫১ হাজার ৯০ টাকা। জব্দকৃত এসব কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, বিজিবি’র মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান প্রতিরোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহলের মাধ্যমে বিজিবি কার্যক্রম অব্যাহত রেখেছে।