শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ২ মে ২০২৬ (বাসস): জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে অবৈধ ভারতীয় সিগারেট, বাজি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।
আজ শনিবার বিকালে বিজিবি’র কুমিল্লা সেক্টরের অধীন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি)- অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শনিবার দিবাগত রাতে অভিযান চালায়। ওই সময়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও বাজি সহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি)- অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।