শিরোনাম

মুন্সীগঞ্জ, ২ মে ২০২৬ (বাসস): সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা আজ জেলার রামপাল মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তাঁর স্মরণে অতিথিবৃন্দ কলেজ প্রাঙ্গণে আমলকী ও নিম গাছের চারা রোপণ করেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের (জি-৯) সভাপতি ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
মো. কামরুজ্জামান রতন বলেন, সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম মুন্সীগঞ্জে বিএনপির সাংগঠনিক ভিত্তি তৈরি করেছেন। এলাকার উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে আছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির নেতা কর্মীকে কাজ করতে হবে।
এম শামসুল ইসলাম ১৯৩২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চম থেকে অষ্টম জাতীয় সংসদে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাণিজ্যমন্ত্রী এবং একই সঙ্গে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি মার্চ ১৯৯১ থেকে সেপ্টেম্বর ১৯৯১ পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং সেপ্টেম্বর ১৯৯১ থেকে সেপ্টেম্বর ১৯৯৩ পর্যন্ত খাদ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১০ অক্টোবর ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ বক্ষব্যাধি সমিতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, লায়ন্স ফাউন্ডেশন, বিক্রমপুর ফাউন্ডেশন ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আজীবন সদস্য ছিলেন। তিনি বিক্রমপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২৬ এপ্রিল ৮৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য মমতাজ আলো ও ফাহিমা নাসরিন মুন্নী, বিএনপি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তি এবং মীরকাদিম পৌর বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন।