বাসস
  ০২ মে ২০২৬, ১৬:৪০

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ২ মে,২০২৬ (বাসস) : জেলার ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনসাধারণকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শিল্প বর্জ্য যেন খাল-নদীতে না পড়ে সে বিষয়ে মালিকদের সচেতন থাকতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং তারেক রহমানের দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বারী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এদিকে খাল খনন শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম বাস্তবায়ন হলে ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং বর্ষা মৌসুমে জনদুর্ভোগ লাঘব হবে।