বাসস
  ০২ মে ২০২৬, ১৫:৪২

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত

নারায়ণগঞ্জ, ২ মে, ২০২৬(বাসস) : জেলার সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারস বোঝাই একটি মিনি ট্রাক দুর্ঘটনায়  চালকসহ দুজন নিহত হয়েছেন। 

শনিবার ভোরে সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকার চৈতী গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন,বরিশালের মুলাদী উপজেলার সেকান্দার আলীর ছেলে ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে আনারস বোঝাই করে মিনি ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। টিপরদী এলাকায় পৌঁছালে ট্রাকটি সামনে থাকা অজ্ঞাত একটি যানবাহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক থেকে তাদের বের করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, চলন্ত অবস্থায় অজ্ঞাত একটি যানবাহনকে পেছন থেকে ট্রাকটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।