শিরোনাম

সিরাজগঞ্জ, ২ মে ২০২৬ (বাসস): জেলার সলঙ্গা থানা এলাকায় অটোভ্যান চালক জাহের আলী আকন্দ হত্যা মামলার এক সন্দেহভাজন পলাতক আসামিকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক যৌথ অভিযানে আজ মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ আজ সকালে লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব-৪, সিপিসি-১, ঢাকার যৌথ অভিযানে শনিবার (২ মে) রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (২০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। রাসেল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার তেলিজান এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ২১ এপ্রিল সলঙ্গা থানার ফুলজোড় নদীর পাড় থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে নিহতের পুত্র মো. বাবুল আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে চালান করা হবে।