বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৫

বিএমইউ দিবস আগামীকাল

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : আগামীকাল ২৯তম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

১৯৬৫ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিসিন এ্যান্ড রিসার্চ (আইপিজিএমআর) হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৮ সালে তৎকালীন সরকার দেশে উচ্চ চিকিৎসা-শিক্ষা ও গবেষণার সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এটিকে একটি স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে।   

পরবর্তিতে ২০২৫ সালের ১৩ এপ্রিল বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) নামকরণ করে।

বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তরসহ বিভিন্ন ডিপ্লোমা ডিগ্রি প্রদান করছে বিএমইউ। এটি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম স্নাতক ও স্নাতকোত্তর নার্সিং অনুষদ চালু করে এবং জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মতো নার্সিং প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছে। চিকিৎসা ও গবেষণার জন্য এটিতে ৭৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। আরও রয়েছে একটি সুপার স্পেশালাইজড হসপিটাল। 

২৯তম  বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর পক্ষ থেকে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে থেকে সকাল সাড়ে ৮টায় এই র‌্যালি বের করা হবে। অনুষ্ঠানে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।