বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ২০:৩২

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

কক্সবাজার, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ চকরিয়া ও টেকনাফ উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহত তিনব্যক্তি হলেন- বাসের চালকের সহকারী মোহাম্মদ ইউনুস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মো. মিজানুর রহমান ও সৌদি আরব প্রবাসী মুক্তার আহাম্মদ। 

এ তিনটি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। 

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চশরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় চট্টগ্রামমুখী ‘পূরবী পরিবহন’র একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী মোহাম্মদ ইউনুস (৫৫) নিহত হন। তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মুন্সী মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত পাঁচ যাত্রীকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. আরিফুল আমিন জানান, মঙ্গলবার সকালে কক্সবাজারমুখী মোটরসাইকেলটির সঙ্গে পূরবী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মিজানুর রহমানকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা।

এদিকে, মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফ সদর এলাকায় মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুক্তার আহাম্মদ (৪০) নামে একজন সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত জাফর আহমেদের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।