শিরোনাম

বগুড়া, ২৮ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার শিবগঞ্জ উপজেলায় আজ ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত যান) ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার খরকোনা নিলোচ গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলায় পিরব হাসপাতালের পূর্ব পাশের পাকা সড়কে একটি ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত যান) সঙ্গে সিরাজুল ইসলামের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সিরাজুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।