শিরোনাম

সাতক্ষীরা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের স্পিকার ও চিংড়ি মাছের রেণু সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ৩০ লাখ ৪২ হাজার সাতশ’ টাকা।
আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, কুশখালী, মাদরা, পদ্মশাখরা ও তলুইগাছা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি, কুশখালী বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্মশান ঘাট ও ছয়ঘরিয়া নামক স্থান হতে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার শ্মশান ঘাট নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় সিল্ডেনাফিল ট্যাবলেট এবং পদ্মশাখরা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ জোড়া তালগাছ ও পল্লীশ্রী আমবাগান নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করে।
এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মজুমদারের খাল নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের স্পিকার জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ ৪২ হাজার সাতশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।