বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৮:০৫

বরিশালে অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা 

বরিশাল, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ না থাকার দায়ে ৮টি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে মোট দুইলাখ ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় পরিচালিত অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

অভিযানকালে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, হেলথ এইড মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা, নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা এবং ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার টাকা, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারকে ৭ হাজার টাকা, নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।