বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৪:২০

রোগ নির্ণয়ে নির্ভুলতায় আধুনিক ও মানসম্মত ল্যাবরেটরি অপরিহার্য: বিএমইউ উপাচার্য

ছবি : বাসস

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, একটি হাসপাতালের মান অনেকাংশেই নির্ভর করে সেটির ল্যাবরেটরি সেবার মানের ওপর। রোগ নির্ণয়ে নির্ভুলতা ও দ্রুততার জন্য আধুনিক ও মানসম্মত ল্যাবরেটরি অপরিহার্য।

তিনি ল্যাবরেটরি সেবাকে আরও উন্নত, সহজলভ্য ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ব ল্যাবরেটরি দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএমইউ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

বর্ণাঢ্য র‌্যালি, ডকুমেন্টারি প্রদর্শনী, পোস্টার উপস্থাপন ও স্টল প্রদর্শনীর মাধ্যমে বিএমইউতে দিবসটি উদযাপন করা হয়।

আজ বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ ডা. মিলন হলে ডকুমেন্টারি, পোস্টার ও স্টল প্রদর্শনীর আয়োজন করা হয়। 

দিবসের এবারের প্রতিপাদ্য ছিল—‘বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্টিস্টস: প্রোমোটিং সাসটেইনেবিলিটি ইন ক্লিনিক্যাল ডায়াগনস্টিকস’।

উপাচার্য আরও বলেন, রোগীদের দ্রুত স্যাম্পল সংগ্রহ ও নির্ভুল রিপোর্ট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিএমইউ’র ল্যাবরেটরিগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) অর্জনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের অন্যতম নির্ভরযোগ্য আধুনিক রেফারেল ল্যাবরেটরি সেন্টার হিসেবে বিএমইউ গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ’র ডিন ও সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। তিনি বলেন, এ ধরনের আয়োজন ল্যাবরেটরি সেবার মানোন্নয়নে সহায়ক হবে এবং চিকিৎসকদের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন টেস্ট চালুর ক্ষেত্রেও দিকনির্দেশনা দেবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যাবরেটরি সার্ভিস কমিটির সদস্য সচিব ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ এস এম নওরোজ।

তিনি জানান, বিএমইউতে প্রতিদিন প্রায় পাঁচ হাজার ল্যাব টেস্ট সম্পন্ন হয় এবং ওয়ান পয়েন্ট কালেকশন সেন্টারে সার্বক্ষণিক রোগীর চাপ থাকে। ল্যাব সেবার সম্প্রসারণে প্রয়োজনীয় জায়গা ও অবকাঠামো নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।