বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৯:২৮

দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি বাংলাদেশ ও বেলজিয়ামের

ব্রাসেলসে বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ ও বেলজিয়াম দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আলোচনায় বাণিজ্য, বহুপক্ষীয় সহযোগিতা ও অভিবাসন বিষয়গুলো গুরুত্ব পায়।

ব্রাসেলসে বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে এ পুনরুক্তি করা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জাতিসংঘসহ বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা, অভিবাসন, ভিসা ও কনস্যুলার বিষয় এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ অগ্রগতি ও বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।