শিরোনাম

বগুড়া, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস): দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল সোমবার সকাল সাড়ে ১১টায় পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন বিএনপি চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচিতে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এবারের সফরে বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেবেন তারেক রহমান। এ ছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ রয়েছে বিভিন্ন কর্মসূচি।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বগুড়ার কৃতী সন্তান অধ্যাপক ড.মোহাম্মদ হাছানাত আলী বলেন, বগুড়া সিটি করপোরেশন জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। এ মুহূতে বগুড়া পৌরসভা আয়তন, জনসংখ্যায় দেশের সবচেয়ে বড় পৌরসভা এবং বগুড়া সিটি করপোরেশন হওয়ার যৌক্তিক দাবি রাখে।
তিনি বলেন, বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত। তারা নাগরিক নানা সুবিধা থেকে বঞ্চিত। তাই বগুড়া সিটি করপোরেশন হওয়া নিঃসন্দেহে একটি আনন্দের খবর। এর মধ্য দিয়ে বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হবে আশা করি।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
এরপর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন,ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
দুপুরে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।
বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।