শিরোনাম

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস): ঢাকা সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির সহায়তায় ‘স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি বাংলাদেশ’ শীর্ষক দেশব্যাপী এক অভিযান শুরু হয়েছে।
গতকাল (বুধবার) সন্ধ্যায় রাজধানীর গুলশান লেকপার্কে আনুষ্ঠানিকভাবে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং এই উদ্যোগের আয়োজক ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, ২০২৬’ সামানজার সাঈদ।
আয়োজকরা জানান, এই প্রচারাভিযানে শিক্ষামূলক ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী স্বাস্থ্যবিধি সচেতনতা প্রসারে তরুণ স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করা হবে।
প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে, তাই কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্যের যত্ন নিশ্চিত করতে এবং মারাত্মক রোগগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সরকার সারাদেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ বা ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে।
তিনি বলেন, সুস্থ থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকার বিকল্প নেই। একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ জাতি গঠনের পূর্বশর্ত হলো জনসচেতনতা ও সুস্বাস্থ্য।
গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে হবে।
তিনি সামানজার সাঈদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তার এই উদ্যোগ দেখিয়েছে কীভাবে নাগরিক সংগঠন এবং জাতীয় মঞ্চগুলো সম্প্রদায়ের কল্যাণে একসঙ্গে কাজ করতে পারে।
অনুষ্ঠানে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পায়রা ও পচনশীল বেলুন উড়ানো এবং দেশব্যাপী স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরুর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।