বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৯:১৭

এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয়, সন্ধ্যা থেকে কার্যকর

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি খরচ বৃদ্ধির কারণে এপ্রিল মাসে দ্বিতীয় দফায় ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম সমন্বয় করেছে সরকার। এর ফলে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। নতুন দর আজ রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এদিকে, অটোগ্যাসেরও দাম বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি সংকট, মধ্যপ্রাচ্য অঞ্চলে এলপিজি জাহাজ চলাচল বন্ধ হওয়া, বিকল্প পথে বা উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধিসহ বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পাওয়ায় এলপিজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার বিবেচনায় অন্তর্বর্তী সময়ের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হলো।

এর আগে, সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা।