বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৬:২৭

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে আগ্রহী জার্মান প্রতিষ্ঠান অ্যারোডাটা

আজ সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। ছবি: পিআইডি

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জার্মান কোম্পানি অ্যারোডাটা বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে।

আজ সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রদূত বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা বজায় রাখার জন্য জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তারা বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বিমান পরিবহন খাতে সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।