শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষাসংক্রান্ত ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের যথাযথ প্রয়োগে নিষ্ঠাবান থাকতে কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
আজ শনিবার সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এনটিআরসিএ-এর অধীন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী রাজধানীর সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে যোগ্য শিক্ষক নিয়োগের কোনো বিকল্প নেই। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
ড. এহছানুল হক মিলন কেন্দ্র সচিবদের উদ্দেশে আরও বলেন, ‘পরীক্ষাসংক্রান্ত ১৯৮০ সালের আইন প্রয়োগে তাদের(কেন্দ্র সচিব) নিষ্ঠাবান থাকতে হবে।
পরিদর্শনের সময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করা প্রার্থীদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এনটিআরসিএ-এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।