বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ২০:৪৩

নাটোরের রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে নববর্ষের অনুষ্ঠান শুরু

আজ সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং বিকেল পর্যন্ত অনুষ্ঠান চলে। ছবি : বাসস

নাটোর, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

আজ সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিকেল পর্যন্ত অনুষ্ঠান চলে।

এরআগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ স্কুল এন্ড কলেজ চত্বরে বেলুন উড়িয়ে বর্ষবরণ শোভাযাত্রার সূচনা করেন। বৈশাখী শোভাযাত্রা  সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। 

মুক্তমঞ্চের অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জেলা প্রশাসক আসমা শাহীন।

মুক্তমঞ্চের আলোচনায় বক্তারা বলেন, বৈচিত্র্যে ভরপুর বিভিন্ন জাতি-গোষ্ঠিই আমাদের ঐক্যবদ্ধ জাতিসত্তার ঠিকানা। এই ঐক্যকে সমুন্নত রেখে গণতন্ত্রের শক্তিকে শাণিত করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।

দিনব্যাপী মুক্তমঞ্চের অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পিরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করছেন। 

রাজবাড়ি চত্বরে শিশু একাডেমি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। পরে শিশু একাডেমি এবং সরকারি গণগ্রন্থাগার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।

গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কুঁড়েঘর, একতারাসহ দেশীয় ঐতিহ্যের বিভিন্ন সামগ্রী দিয়ে সুবিন্যস্ত রাজবাড়ি চত্বরে চলছে লাঠিখেলা। নাটোর পৌরসভার সৌজন্যে সব আগন্তুককে
পান্তাভাতে আপ্যায়ন করা হচ্ছে। আনন্দে মুখরিত হাজারো দর্শনার্থীদের অবস্থানকে সুশৃংখল রাখতে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছে বাংলাদেশ স্কাউটসের সদস্যবৃন্দ।

লোকজ মেলায় বিভিন্ন সামগ্রী ছাড়াও ২২টি স্টলে স্থানীয় উদ্যোক্তাবৃন্দ তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন ও বিপপন কার্যক্রম পরিচালনা করছেন। আজ বিকেলেও বিপুল সংখ্যক দর্শনার্থী লোকজ মেলা দেখতে আসেন। আগামীকাল মেলা শেষ হবে।