বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৬:১১

২০ বছর পর সিরাজগঞ্জে নববর্ষ উদযাপন করতে পেরে আমি আনন্দিত : বিদ্যুৎমন্ত্রী

ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস): প্রায় ২০ বছর পর নিজ এলাকার মানুষের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপন করে আমি আনন্দিত, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ (মঙ্গলবার) দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এই উৎসব থেকে আমরা বঞ্চিত ছিলাম। দীর্ঘ ২০ বছর পর সিরাজগঞ্জবাসীর সঙ্গে বাংলা নববর্ষ উদযাপন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

এ সময় তিনি সিরাজগঞ্জসহ দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরটি সবার জন্য সুন্দর হোক, এই কামনা করছি।

এর আগে, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

প্রথমে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের এসএস রোড, বড়পুলসহ বিভিন্ন এলাকা ঘুরে আবার কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. মহীদুল হাসান, উপাধ্যক্ষ মো. হুমায়ুন খালিদ, শিক্ষক পরিষদের সম্পাদক ফেরদৌসী আরা, সহকারী মো. সাইদুল ইসলামসহ  শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। 

শোভাযাত্রায় দেখা যায় সাদা-লাল রঙের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ নেন। শোভাযাত্রায় বেহালা, শান্তির পায়রা, হাতি ও ঘোড়া, রঙিন মুখোশসহ গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপন এবং বাঙালির লোকজ সংস্কৃতির অনুষঙ্গ দেখা যায়।