বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৯:০৬

নড়াইলে বিনামূল্যে আউশ বীজ ও সার পাচ্ছেন ৯ হাজার ২শ’ কৃষক 

নড়াইল, ১২ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার তিনটি উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নয়হাজার দুইশ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। 

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলায় তিনহাজার নয়শ’ জন, কালিয়া উপজেলায় তিনহাজার ৫৭০ জন কৃষক এবং লোহাগড়া উপজেলায় একহাজার ৭৩০ জন কৃষককে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার দেয়া হচ্ছে।উপকারভোগী প্রত্যেক কৃষক পাঁচকেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। 

এ বিষয়ে নড়াইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান জানান, জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের চলমান প্রচেষ্টার একটি অংশ এই কৃষি প্রণোদনা কর্মসূচি। এতে কৃষকদের মধ্যে আউশ চাষে আগ্রহ সৃষ্টির পাশাপাশি ধানের ফলনও বাড়বে।