শিরোনাম

সুনামগঞ্জ, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বিভিন্ন হাওরে জলাবদ্ধতা তৈরি ও জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে বাঁধ কাটা নিয়ে এক হাওরের কৃষকদের সাথে অন্য হাওরের কৃষকদের মাঝে মাঝে সংঘর্ষ হয়।
এসব পরিস্থিতি নিয়ে কৃষক সংগ্রাম সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, হাওরের এই কৃষি ধ্বংসকারী পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডের অবৈজ্ঞানিক বাঁধ প্রকল্প দায়ী। এই বাঁধের কারণে যেমন হাওরের পানি নিষ্কাশনের প্রাকৃতিক ব্যবস্থাসমূহ যেমন খাল, নালা, বিল, ডোবা প্রভৃতি ভরাট হয়ে গেছে তেমনি বাঁধের মাটি হাওরে পড়ে হাওরের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে সামান্য বৃষ্টিপাতেই হাওরে জলাবদ্ধতা দেখা দেয়। অন্য দিকে এসব বাঁধ বড় বা মাঝারী পানির ঢল থেকেও ফসল রক্ষায় বারবার অকার্যকর প্রমাণিত হয়েছে। এজন্য কৃষক সংগ্রাম সািমতি পানি উন্নয়ন বোর্ডেকে বৈজ্ঞানিকভাবে বাঁধ নির্মাণের দাবি জানান।
হাওরের বোরো ফসল রক্ষায় আগামী বছরের বোরো মৌসুমের আগেই হাওরের খাল, বিল, নালা, ডুবা প্রভৃতি খননের জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে জানান তারা। বিবৃতিতে হাওর এলাকার জন্য দ্রুত বৈজ্ঞানিক ও হাওরবান্ধব পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।