বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৯:৫০
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৯:৫৯

ওমানের সুলতানের কাছে প্রধানমন্ত্রীর সংহতির বার্তা, দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওমানের সুলতান হাইথাম বিন তারিকের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো সংহতির বার্তা পৌঁছে দিয়েছেন এবং দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদির মাধ্যমে প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত চিঠি সুলতানের কাছে হস্তান্তর করা হয়।

চিঠিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়। সাম্প্রতিক হামলা এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগও জানানো হয়।

একই সঙ্গে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করায় ওমানের ভূমিকাকে প্রশংসা করা হয়।

প্রধানমন্ত্রী তার বার্তায় তা পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশ প্রয়োজনে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে উপদেষ্টা অঞ্চলে শান্তি, সংলাপ ও কূটনীতি জোরদারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ সহজতর করতে ওমানের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের উৎকৃষ্ট অবস্থার পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির সংহতির বার্তা পৌঁছে দিতে এবং এ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও জোরদার করার উদ্দেশ্যে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ সফর করছেন।