বাসস
  ২৫ মার্চ ২০২৬, ২২:২৩

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ছবি: বাসস

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শিবাউরা ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড. কাওয়াশিমা হিরোতো। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের শিবাউরা ইনস্টিটিউট অব টেকনোলজির মধ্যে বায়ু দূষণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদারের বিষয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পরিবেশকে নিরাপদ রাখতে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে বায়ু দূষণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরো যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম গ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।